লালমনিরহাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে অনাথ চন্দ্র বর্মন (৪২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত অনাথ চন্দ্র বর্মন লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপ্টানা মাঝাপাড়া এলাকার কামিনী কান্ত বর্মনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ মে বিকেলে অনাথ চন্দ্র বর্মন ভুক্তভোগী শিশুটিকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তার বাবা-মা উঠানে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এরপর শিশুটিকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওইদিনই শিশুটির বাবা লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ওই বছরের ৩ জুন অনাথ চন্দ্র বর্মনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। তদন্ত শেষে ২৯ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত রায় ঘোষণা করেন।
লালমনিরহাট আদালত পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, রায় ঘোষণার পর আসামিকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।



