দৌলতদিয়া বাস ডুবি, ঘাট পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিম

পঞ্চম দিনের মতো উদ্বারকারী ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে লাশ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
ঘাট পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিম
ঘাট পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিম |নয়া দিগন্ত

রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস ডুবির দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মো: মুহিদুল ইসলাম।

রোববার (২৯ মার্চ) দুপুরে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাট পরিদর্শন করেন তিনি।

পরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মো: মুহিদুল ইসলাম। তিনি অনাকাঙ্ক্ষিত এ নৌ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

সুষ্ঠভাবে তদন্ত করে প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে বলে জানান তিনি।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) ঘাট ব্যাবস্থাপক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আঞ্চলিক ব্যবস্থাপক ও কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। গত শুক্রবার বিকাল পর্যন্ত মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়। পরে ওই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন ও রাজরাড়ী ফায়ার সার্ভিস।

এদিকে রোববারও পঞ্চম দিনের মতো উদ্বারকারী ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে লাশ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।