ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন (আইইএলসি)। বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাজশাহীর শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি।
বুধবার (১৭ জুন) নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাঈদ ইবনে ত্বাকি।
এসময় রাসিক প্রশাসক তার উজ্জ্বল ভবিষ্যৎ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য এবং দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
ত্বাকি রাজশাহী মহানগরীর হেতেমখা শাহাজীপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে। তিনি বর্তমানে রাজশাহী নগরীর মসজিদ মিশন অ্যাকাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২১ থেকে ২৫ জুন লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন (আইইএলসি)। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি সাঈদ ইবনে ত্বাকি।
জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ত্বাকি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তার এই কৃতিত্বের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত বাংলাদেশের ১১ সদস্যের দলে স্থান লাভের পাশাপাশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার গৌরব অর্জন করেছেন।
রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এ অর্জনকে রাজশাহীর জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ত্বাকির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।



