চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো: রফিকুল ইসলামের ওপর হামলাকারী রাসেল শেখের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মাদরাসার সামনে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল মাদরাসার প্রভাষক মোহাসিন উদ্দিন, রহিমা ইসলাম, শিক্ষার্থী আমির হামজা, নজরুল ইসলাম, মো: ইস্রাফিল ও নাজিফা আক্তার।
এ সময় বক্তারা বলেন, বুধবার সকাল ১১টার দিকে মাদরাসার অফিসে ঢুকে সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী রাসেল নির্মমভাবে হাতুড়ি দিয়ে আঘাত করেন। আহত শিক্ষক চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ মো: মাশুকুর রহমান থানায় একটি মামলা করেছেন।
বক্তারা হামলাকারী রাসেলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।
বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো: মাশুকুর রহমান বলেন, ‘মৈজোড়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে রাসেল শেখ সুযোগ পেলেই মাদরাসার জিনিসপত্র চুরি করতো। আমরা তাকে নিষেধ করায় সে দীর্ঘদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছিল। বুধবার মাদরাসার অফিস রুমে ঢুকে কাগজপত্র ও মালামাল ফেলতে থাকে সে। এ সময় তাকে নিষেধ করলে তার হাতে থাকা হাতুড়ি দিয়ে রফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ‘মাদরাসা শিক্ষক রফিকুল ইসলামকে মারপিটের অভিযোগে রাসেলের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলার পর থেকে আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’



