লালমনিরহাটে তিস্তায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

ছোট ভাই স্বচ্ছ হঠাৎ গভীর পানিতে চলে গিয়ে ডুবে যেতে থাকে। এসময় বড় ভাই শিফাত তাকে উদ্ধারে এগিয়ে গেলে সেও নদীর তীব্র স্রোতে আটকা পড়ে।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
বড় ভাই শিফাত
বড় ভাই শিফাত |সংগৃহীত

লালমনিরহাটে তিস্তা নদীর পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় ভাইও স্রোতের মধ্যে তলিয়ে যায়।

শনিবার (১৬ মে) সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মারাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলো- রেজাউল ইসলামের ছেলে শিফাত (১৮) ও স্বচ্ছ (১৪)।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে দুই ভাই তিস্তা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় ছোট ভাই স্বচ্ছ হঠাৎ গভীর পানিতে চলে গিয়ে ডুবে যেতে থাকে। এসময় বড় ভাই শিফাত তাকে উদ্ধারে এগিয়ে গেলে সেও নদীর তীব্র স্রোতে আটকা পড়ে। পরে দুজনই নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার কাজ শুরু করেন। কিছু সময় পর দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একসাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।