‎ধানক্ষেতে বিষ প্রয়োগ, মারা গেল ১০০টি হাঁস

থানায় অভিযোগ দায়ের

অভিযুক্তরা নিজেদের বোরো ধানের জমিতে বিষ প্রয়োগ করে। পরে শারমিন আক্তারের প্রায় ১০০টি হাঁস ওই জমিতে গিয়ে বিষক্রিয়ায় মারা যায়।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
মৃত হাঁস
মৃত হাঁস |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ধানক্ষেতে বিষ প্রয়োগে ১০০টি হাঁস মারা যাওয়ার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

‎সোমবার (১৩ এপ্রিল) সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শারমিন আক্তার বিথী নামের এক গৃহিণী।

‎অভিযোগ সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উল্লাসোনাতলা (আকন্দপাড়া) গ্রামের বাসিন্দা আফজাল হোসেন ও তার স্ত্রী শিউলি বেগমের সাথে শারমিন আক্তারদের দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল।

‎অভিযোগ অনুযায়ী, গত রোববার (১২ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে অভিযুক্তরা নিজেদের বোরো ধানের জমিতে বিষ প্রয়োগ করে। পরে শারমিন আক্তারের প্রায় ১০০টি হাঁস ওই জমিতে গিয়ে বিষক্রিয়ায় মারা যায়। এতে প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

‎ভুক্তভোগীর স্বামী রানা মিয়া জানান, তিনি সম্প্রতি একটি জমি ক্রয় করার পর থেকেই অভিযুক্তরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিয়মিত গালিগালাজ করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে।

‎ভুক্তভোগী শারমিন আক্তার বিথী জানান, প্রতিবাদ করলে অভিযুক্তরা মারমুখী আচরণ করে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

‎অভিযুক্ত আফজাল হোসেন ও তার স্ত্রী শিউলি বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা হাঁস মারেননি। তাদের দাবি, এমদাদুল নামের এক ব্যক্তি বিষ প্রয়োগ করে হাঁসগুলো মেরেছে।

‎এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম নয়া দিগন্তকে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।