রাজশাহীর মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় হিটস্ট্রোক করেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে প্রখর রোদের মাঝে কেশরহাট পেট্রোল পাম্পে তেল নেয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ওই ব্যক্তি হিটস্ট্রোকেই মারা গেছেন। নিহত আলাউদ্দিনের পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের আবেদন করে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সাহায্য করা হবে।’
মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশের একটি দল নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।



