বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের নোয়াখালী শাখার নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি বিলুপ্ত করা না হলে আগামীতে হরতালসহ কঠোর কর্মসূচির ডাক দেয়ার হুঁশিয়ারি দেন তারা। সেইসাথে পদত্যাগের ঘোষণা দিয়েছে ১০ নেতাকর্মী।
নোয়াখালী জেলা শহর মাইজদীতে সোমবার (৪ মে) দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। পরে তারা জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করেন পদবঞ্চিতরা।
বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন।’
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু বলেন, ‘ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে।’
নাছিরের পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, ‘নাছির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার। তিনি এখন আওয়ামী লীগের লোক দিয়ে আমাদের প্রাণের দল ছাত্রদলকে ধ্বংস করতে চাচ্ছেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে এই পকেট কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।’
পরে বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিনিয়র ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি, নোয়াখালী কলেজের সাবেক সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শুভ, উপজেলা ছাত্রদল নেতা রিজভী, তারেক নূর প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার (২ মে) মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট নোয়াখালী ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন।



