চট্টগ্রাম বোর্ডের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ১৫৯৫, বহিষ্কার ৫

এদিন বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২১৮টি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম শিক্ষাবোর্ড
চট্টগ্রাম শিক্ষাবোর্ড |সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ১ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২১৮টি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৮৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৬ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যায় দেখা যায়, চট্টগ্রামে ৮৯৮ জন, কক্সবাজারে ২১০ জন, রাঙামাটিতে ৩২৬ জন, খাগড়াছড়িতে ৯৮ জন ও বান্দরবানে ৬৩ জন।

একই দিন পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজনকে অপরাধে বহিষ্কার করা হয়। পার্বত্য খাগড়াছড়িতে অসদুপায় অবলম্বন করায় আরো দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।