হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। একই সাথে নানা অনিয়ম, ভুল তথ্য প্রচার ও কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে মুন্সীগঞ্জে স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দার, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, সরঞ্জামাদি ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা নিয়ে বড় ধরনের কোনো সচেতনতামূলক কার্যক্রম হয়নি, যা বর্তমান প্রাদুর্ভাবের অন্যতম কারণ।
তিনি আরো জানান, সরকার ইতোমধ্যে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করা হয়। পাশাপাশি অনিয়ম ও কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সিভিল সার্জন ও অপর কর্মচারীর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এর আগে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।



