কুমিল্লার চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা আলিম মাদরাসার শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে তার নিজ জেলা নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে নীলফামারী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন।
গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাতের সভাপতিত্বে মানববন্ধনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী, প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম কাজল ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক মিলন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ‘একজন শিক্ষক তার কর্মস্থলে নিরাপদ নন, এটি অত্যন্ত উদ্বেগজনক। নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা ওই শিক্ষককে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন শিক্ষকের ওপর হামলা নয়, বরং পুরো শিক্ষক সমাজের ওপর আঘাত।’
উল্লেখ্য, গত বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদরাসার শিক্ষক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে একই মাদরাসার শিক্ষক খাইরুল ইসলামকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে অভিযুক্ত শিক্ষককে মৌখিকভাবে তিরস্কার করা হয়। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি।



