আমির উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট)
সিলেটের জাফলংয়ে একটি কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান।
আটকরা হলেন সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মরহুম হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি দেশীয় অস্ত্র কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সরাসরি জড়িত সন্দেহে সুরমানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে দিনব্যাপী তল্লাশি শেষে রাত ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আতাউর ও টুটুলকে আটক করা হয়।
ওসি মো: মনিরুজ্জামান বলেন, ‘সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় জনসাধারণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।’



