প্রধানমন্ত্রীর আশ্বাসে বিচার প্রত্যাশা রামিসার পরিবারের

‘বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, যেন আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।’

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সাংবাদিকদের সাথে কথা বলছেন নিহত শিশু রামিসার বাবা
সাংবাদিকদের সাথে কথা বলছেন নিহত শিশু রামিসার বাবা |নয়া দিগন্ত

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর আশ্বাসে ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন।

রামিসার বাবা বলেছেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেয়া আশ্বাসে তিনি আস্থা রাখছেন এবং দ্রুত বিচার প্রত্যাশা করছেন।’

শুক্রবার (২২ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রামিসার বাবা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, একজন মেয়ের বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে তিনি আমাদের পাশে আছেন। উনার ভালোবাসা, কান্না ও দেয়া আশ্বাসের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি আশা করি, আমার মেয়ের হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, যেন আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।’

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: আব্দুল্লাহ।

উল্লেখ্য, ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত রামিসার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী গ্রামে।