অসহায় নার্গিস ২ সন্তান নিয়ে মানবেতর জীবন

২০২০ সালে ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ সৃষ্টি করলে নার্গিস অস্বীকৃতি জানান। এরপর মাসুদ তাকে সন্তানসহ বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে ঢাকায় চলে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ-খবর নেই।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
দুই সন্তানের আশ্রয়ে সংগ্রামী মায়ের দৃঢ়তা
দুই সন্তানের আশ্রয়ে সংগ্রামী মায়ের দৃঢ়তা |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের নার্গিস আক্তার দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। স্বামী মো: মাসুদ দীর্ঘ ছয় বছর ধরে তাদের কোনো খোঁজ-খবর নিচ্ছেন না। ফলে মাথা গোঁজার ঠাঁইহীন অবস্থায় সন্তানদের নিয়ে ভয়াবহ অসহায় দিন কাটাচ্ছেন তিনি।

২০১৬ সালে একলাশপুর গ্রামের বাবুচি মাসুদের সাথে নার্গিসের বিয়ে হয়। তাদের দুই সন্তান আবদুল্লাহ (৯) ও আবদুর রহমান (৬)। ২০২০ সালে ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ সৃষ্টি করলে নার্গিস অস্বীকৃতি জানান। এরপর মাসুদ তাকে সন্তানসহ বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে ঢাকায় চলে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ-খবর নেই।

বর্তমানে নার্গিস স্থানীয় তালিমুল কোরআন সংস্থার অধীনে মহিলাদের কোরআন শিক্ষা দিয়ে মাসে তিন হাজার টাকা আয় করেন। এ সামান্য আয়ে সন্তানদের পড়াশোনা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। দুই সন্তানকে নরোত্তমপুর ইসলামীয়া আরাবিয়া মাদরাসায় ভর্তি করিয়েছেন। তবে সবচেয়ে বড় সমস্যা মাথা গোঁজার ঘর। পুরনো একটি ছোট ঘরে পুরো পরিবার বসবাস করছে।

তার বাবা তিন শতাংশ জমি দিয়েছেন। বিভিন্ন মানুষের সহায়তায় জমি ভরাট করা হলেও ঘর নির্মাণের টাকা নেই। ফলে প্রতিদিন সন্তানদের নিয়ে দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করাই হয়ে উঠছে কঠিন।

নার্গিস আক্তার দেশের হৃদয়বান মানুষদের কাছে সন্তানদের পড়াশোনা ও মাথা গোঁজার ঘর নির্মাণে সহযোগিতার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নম্বর—০১৮২৭৩২৭৯৩২।