নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান

তিনি গত ১৭ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
অনুদান গ্রহণ করছেন সাহালম
অনুদান গ্রহণ করছেন সাহালম |নয়া দিগন্ত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নারায়ণগঞ্জের সাহালম ইসলাম চিকিৎসা ব্যয় বহনে আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (১৭ মে) দুপুরে জেলা পরিষদে নিজ দফতরে তিনি এ আর্থিক অনুদান প্রদান করেন।

সাহালম ইসলাম জানান, তার বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কদমতলী নয়াপাড়া এলাকায়। তিনি গত ১৭ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন।

তিনি জানান, প্রথমে তার কোমরের হাড়ে গুলি লাগে। পরে শর্টগান থেকে ছোড়া দুটি গুলি ও ছিটে গুলিতে তার হাতের দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়। বাম হাতে গুরুতর আঘাত লাগায় অস্ত্রোপচার করতে হয়। একই দিন তাকে মদনপুর আল-বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত তার দুটি বড় অপারেশন সম্পন্ন হয়েছে। এছাড়া কোমরের হাড়ে আরো দুটি বড় অপারেশন এবং হাতে আরো একটি অস্ত্রোপচার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সাহালম ইসলাম পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন। আহত হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর কোনো কাজ করতে পারছেন না। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি আর্থিক সহায়তা পাননি।

এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের ব্যয় বহনের জন্য জেলা পরিষদের কাছে মানবিক সহায়তার আবেদন করলে রোববার অনুদানের চেক হাতে পান সাহালম।