প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষাব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। এ সময় কোনো ভিশন ছিল না।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থার উন্নয়নে ভিশন নিয়ে কাজ করছেন। এতোদিন এইচএসসি পাস করে অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পায়নি। যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারির প্রচলন চালু ছিল।‘
রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে। আমরা লাখ টাকা খরচ করে শিক্ষাপ্রতিষ্ঠানের বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে?’
তিনি বলেন, ‘কারিকুলাম, ক্লাসরুম আর কনটেনসেন্সি তিনটি বিষয় খুবই জরুরি। সঠিক শিক্ষক যেন ক্লাসরুমে থাকে সেটা দেখতে হবে। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে, উন্নয়ন হবে।’
তিনি আরো বলেন, ‘উপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা আর হবে না। শিক্ষকদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো: রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো: আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম প্রমুখ।
পরে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।



