সিলেট সদর উপজেলায় দেড় বছরের ঘুমন্ত কন্যাশিশুকে গলা কেটে হত্যা করেছেন মা। ঘটনার পরপরই ঘাতক মাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) ভোরবেলা উপজেলার জালালাবাদ ইউনিয়নের কালারুকা গ্রামে এই নৃশংস হত্যার ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। সে কালারুকা গ্রামের আমির আলী ও সুবিনা বেগমের (২৫) মেয়ে।
জানা যায়, ভোরে শিশুটির বাবা ফজরের নামাজ আদায়ে মসজিদে গেলে এই ঘটনা ঘটান সুবিনা বেগম। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সুবিনার স্বামী আমির আলী বলেন, ‘সুবিনা নানা রোগে আক্রান্ত। কী রোগ, তা এখনো ধরা পড়েনি, তবে তাকে ডাক্তার দেখানো হয়েছে। আমি ফজরের নামাজে চলে যাওয়ার পরপরই বসতঘরে থাকা দা দিয়ে আমার মেয়েকে গলা কেটে হত্যা করে সে।’
তিনি আরো বলেন, ‘আমার ছেলে দৌঁড়ে মসজিদে গিয়ে এসব আমাকে জানায়। ছেলে যদি দৌঁড়ে না পালাতো, তাকেও মেরে ফেলত সে। এসব শুনে বাড়িতে গিয়ে দেখি মানুষের ভিড় এবং আমার মেয়ের গলা কাটা।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) মো: মনজুরুল আলম বলেন, ‘শিশু মেয়েকে গলা কেটে হত্যার দায়ে মাকে আটক করে থানায় নেয়া হয়েছে। শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



