মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দু’টি মিষ্টান্ন ভান্ডারে অনিয়ম পাওয়া গেছে। এ সময় ভিন্ন ভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বুধবার (৩ জুন) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে অমিত সুইটমিটে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন এবং উৎপাদিত মিষ্টি উন্মুক্তভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্যামল কীর্ত্তনিয়াকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে প্রীতি মিষ্টান্ন ভান্ডারে দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে। এ কারণে দোকানটির মালিক রতন কীর্ত্তনিয়াকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি দল।



