বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট আবার চালু

বর্তমানে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট চালু থাকায় দু’টি ইউনিট মিলিয়ে মোট ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র |নয়া দিগন্ত

টানা প্রায় সাত মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট।

বুধবার (২০ মে) বিকেল ৫টা ৪৬ মিনিটে জেনারেল ওভারহোলিং শেষে ইউনিটটি চালু করা হয় এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক জানান, বর্তমানে ইউনিটটিতে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং ধীরে ধীরে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। বর্তমানে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট চালু থাকায় দু’টি ইউনিট মিলিয়ে মোট ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এর মধ্যে ১ নম্বর ইউনিটে ৫০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আগামীকালের মধ্যে দু’টি ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর থেকে ইউনিটটি বন্ধ ছিল। এ সময় ইউনিটটির ওভারহলিং কার্যক্রম সম্পন্ন করা হয়।