আদালতের নির্দেশে কুকি-চিনের ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস

‘জব্দকৃত বিপুল পরিমাণ পোশাকের আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানজনিত সমস্যা বিবেচনায় আদালতের আদেশে এসব পোশাক বুধবার বিকেলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
৩১ হাজার ৭৭৫টি পোশাক আদালতের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে
৩১ হাজার ৭৭৫টি পোশাক আদালতের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে |সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ সদস্যদের ৩১ হাজার ৭৭৫টি পোশাক আদালতের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মো: আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত বিপুল পরিমাণ পোশাকের আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানজনিত সমস্যা বিবেচনায় আদালতের আদেশে এসব পোশাক বুধবার বিকেলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গত বছরের ১৮ মে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার গার্মেন্টসসহ কয়েকটি স্থান থেকে এসব সামরিক পোশাক জব্দ করে পুলিশ। পুলিশ বায়েজিদ বোস্তামী থানায় করা মামলায় বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’র সদস্যদের জন্য বানানো হয়েছিল এসব পোশাক। এসব আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানজনিত সমস্যা হওয়ায় তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আদালতে আবেদন করেন।

নগর পুলিশের মুখপাত্র জানান, আদালত বিচারিক প্রয়োজনে ব্যবহারের জন্য ১০০টি পোশাক নমুনা হিসেবে সংরক্ষণ করে বাকি ৩১ হাজার ৭৭৫ পোশাক ধ্বংসের নির্দেশ দেন।

পুলিশ জানায়, ৩১ হাজার ৭৭৫টি পোশাক ধ্বংসের পর বাকি পোশাক আদালতের মালখানায় জমা রাখা হয়েছে। বাসস