গৌরনদী ও উজিরপুর সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তান নিহত হয়েছে। ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরার পথে মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ফিরোজ মাহমুদ (৩৬), তার স্ত্রী মনিধা বেগম (৩২) এবং চার বছরের মেয়ে জন্নাত আক্তার। ফিরোজ উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন ফিরোজ। পথে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটে মোটরসাইকেল থামিয়ে রাখা অবস্থায় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি ভাঙচুর করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, যানজটের কারণে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।



