বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

চাঁদা দিতে রাজি না হওয়ায় পলাশপুরের চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে বাবুকে কুপিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন তার ভাই নাঈম হোসেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা |ফাইল ছবি

বরিশালে বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং-এর সদস্যরা।

শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

চাঁদা দিতে রাজি না হওয়ায় পলাশপুরের চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে বাবুকে কুপিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন তার ভাই নাঈম হোসেন।

এসময় স্থানীয়রা ওই গ্যাং সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশে হস্তান্তর করে।

হত্যাকাণ্ডের শিকার বাবু শিকদারের ভাই নাঈম জানান, টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। তিনি অশ্বিকৃতি জানালে শুক্রবার ফজর নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে টোকাই মধুর নেতৃত্বে তার ওপরে আচমকা হামলা হয়। ওই হামলায় ছিলেন মধুর গ্যাং এর সদস্য ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত।

এ সময় আমরা টের পেয়ে ঘটনাস্থলে জড় হই তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বাবু সিকদারকে উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাং-এর হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক রয়েছে। আমরা দু’জনকে আটক করেছি। বাকিদের আটকের জন্য অভিযান চলছে। লাশ ময়নতন্ত্রের জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।