বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মৃত দুই শিশুর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের পাঁচ মাস বয়সী ছেলে ইমাম গত ৬ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে, বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু বক্করের নয় মাস বয়সী ছেলে আবু সালেহ ৭ এপ্রিল একই উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে শেবাচিম হাসপাতালে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৯১ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ভর্তি হয়েছেন এবং একই সময়ে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে মোট ৩১০ জন হামের উপসর্গ ও আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, সর্বশেষ দুই শিশুর মৃত্যুসহ বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। বিভাগের ছয়টি জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন এবং ইতোমধ্যে ৬২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে।
তিনি আরো জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট এক হাজার ৮০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এরমধ্যে ৮২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং ৫২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবেলায় টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।



