চট্টগ্রামের পাঁচলাইশে ফিনলে স্কয়ার শপিং মলে অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (৪ মে) মহানগর ডিবি (উত্তর) বিভাগের টিম-৩১-এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার সাজ্জাদুল রহমান সাকিব ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরান চৌধুরী বাড়ির মো: সেলিমের ছেলে। অন্য আসামি আবু ফয়সাল একই উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের মরহুম ফজলুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো: আফতাব হোসেনের নেতৃত্বে একটি দল ফিনলে স্কয়ারের সপ্তম তলায় অভিযান চালায়। সেখানে অবস্থিত ক্রিয়েটর্স হাব নামক প্রতিষ্ঠানের ভেতর মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও মো: আবু ফয়সালকে (২৬) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা ফটিকছড়ি এলাকার একজন ওমান প্রবাসী মাদক কারবারির পরিচালিত একটি শক্তিশালী সিন্ডিকেটের সদস্য। ওই প্রবাসীর মাধ্যমেই তারা মাদকের এ চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ফিনলে স্কয়ারে অবস্থান করছিল।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সিন্ডিকেটের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি।



