দলের ভেতরে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল। এর আগে, কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্নাক, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া এবং সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন ও মমিন উদ্দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে গুরুতর তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেন্দ্রীয়ভাবে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কোনো ধরনের ছাড় না দিয়ে সরাসরি অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই ব্যবস্থা দলের ভেতরে ‘জিরো টলারেন্স’ নীতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের এক নেতা বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কোনো আচরণ বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়।’
এদিকে, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বিশ্লেষকরা বলছেন, কমিটি ঘোষণার পরপরই এমন পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে- দলে জায়গা পেতে হলে কেবল আনুগত্য নয়, থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতাও। অন্যথায়, পদ হারানো এখন সময়ের ব্যাপার মাত্র।



