নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চার ফার্মেসিকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ওষুধ আইনে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়। অভিযানে মোগরাপাড়া কলেজ রোডের বলাকী ফার্মেসিকে তিন হাজার টাকা, মাহমুদা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, শিরিন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা এবং থানা রোডের আলভী ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারায় চার দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ওষুধ প্রশাসন অধিদফতরের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, ড্রাগ সুপার মো: কবির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।



