বরিশালে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিস্ফোরণে লন্ডভন্ড হয়েছে ভবনের দু’টি ইউনিট। প্রতিবেশী ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সাগরদীর দরগাহ বাড়ি ব্রিজ সংলগ্ন তালুকদার ভিলার নিচ তলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন— মানিক চন্দ্র শীল ও তার ছেলে মৃদুল চন্দ্র শীল।
পুলিশ, বাড়ির মালিক ও স্থানীয়রা জানান, আধা কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনতলা ভবনের নিচ তলার মানিক চন্দ্র শিলের ভাড়াটিয়া ইউনিটে বিস্ফোরণ হয়। এতে বিস্ফোরিত ইউনিট ও পাশের ইউনিটের দরজা, জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে ঘরের ভেতরের আসবাবপত্র। প্রতিবেশীদের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় দগ্ধ হন মানিক চন্দ্র শীল ও তার ছেলে মৃদুল চন্দ্র শীল। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মানিক গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয়রা বিস্ফোরণের বিষয়টিকে রহস্যজনক বলে জানিয়েছেন। কারণ, বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস সিলিন্ডারের কথা বলা হলেও বিস্ফোরণের পরও অক্ষত ছিল দু’টি গ্যাস সিলিন্ডার। বাসার মালিকও বিস্ফোরণের কারণ হিসেবে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি।
তবে পুলিশ প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে। আর মানিক চন্দ্র শিলের স্ত্রীও বলেছেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, আহত মানিকের শরীরের ৭৫ ভাগ পুড়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।



