দিনাজপুরে দুই দিনে পৃথক ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার

চিরিরবন্দর থানার লক্ষিতলা ব্রিজ সংলগ্ন আত্রাই নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দুই দিনে পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার
দুই দিনে পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

দিনাজপুরে দুই দিনে পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলার এমন অবনতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ জনগণ। এদিকে পরিস্থিতি সামাল দিতে দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো: জেদান আল মুসা নিজেই ঘটনাস্থল পরিদর্শন করছেন।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) চিরিরবন্দর থানার লক্ষিতলা ব্রিজ সংলগ্ন আত্রাই নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। একইসাথে নশরতপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় সঙ্ঘটিত একটি ধর্ষণ মামলায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত রহস্য উদ্ঘাটন ও আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এদিকে, চিরিরবন্দর থানা পুলিশের দ্রুত অভিযানে ধর্ষণ মামলার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে আজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচগাছি উত্তরপাড়া গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি জানাজানি হওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।

নিহত গৃহবধূ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এছাড়া দিনাজপুরের ‎বিরল উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামের কবরস্থানের পাশে একটি গাছে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

সাথে সাথে এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে যুবকের লাশ গাছ থেকে নামায়। যুবকটির পরিচয় পাওয়া গেছে, তিনি পার্শ্ববর্তী গ্রামের মো: আজিজুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২১)।

বিরল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ রিপোর্ট লেখ পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি এবং কাউকে আটক করা হয়নি। তবে এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে বলে বিরল থানা পুলিশ জানায়।