বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সে লক্ষ্যে সব সময়ই আপসহীন বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট রোডস্থ শাদী মহল অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা দক্ষিণ থানা আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াত কোনো গতানুগতিক রাজনৈতিক দলের নাম নয় এবং একটি গণমুখী, আদর্শবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। আমরা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণির অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, স্বাধীনতার পর যোগ্য, প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমী ও তাকওয়াবান নেতৃত্বের অভাবে জনগণ প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। তাই তারা প্রচলিত ও গতানুগতিক রাজনীতির ওপর বীতশ্রদ্ধ হয়ে আগামী দিনে জামায়াতকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষেই রায় দিয়েছে। কিন্তু সে গণরায় ছিনিয়ে নিয়ে জামায়াতকে প্রাপ্য ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে।’
তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ময়দানে আপসহীন থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘দেশের মানুষ একটা পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর ঢাকা নগরীর মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের দিকে তাকিয়ে আছে। বিএনপি জোট সরকার জনজীবনে মৌলিক সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা জ্বালানি সঙ্কট নিয়ে জনগণকে রীতিমত ধোকা দিচ্ছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত জ্বালানী মজুদের কথা বলা হলেও দীর্ঘ লাইন ধরেও মানুষ তেল পাচ্ছে না।’
তিনি জুলাই সনদ সম্পর্কে বলেন, ‘জুলাই সনদের পক্ষে জনগণ ব্যাপকভাবে গণরায় দিয়েছে। কিন্তু সরকার জনগণের মতামতের শ্রদ্ধা না দেখিয়ে রীতিমত গণবিরোধীতায় লিপ্ত হয়েছে। যা ক্ষমতাসীনদের কোনো সুস্থ চিন্তা নয় বরং চরম ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।’
তিনি সরকারকে ফ্যাসিবাদের পদাংক অনুসরণ না করে গণমানুষের প্রত্যাশার আলোকে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান।
থানা আমির মাসউদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।



