দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সোয়া ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, ‘বর্তমানে রোগী আইসিইউতে আছেন। চিকিৎসা চলছে এবং তিনি স্ট্যাবল অবস্থায় রয়েছেন।’
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক আবেগঘন স্ট্যাটাসে সীমু লিখেছেন, দীর্ঘ ৭ বছর ধরে চলা মানসিক চাপ ও নির্যাতন তিনি আর সহ্য করতে পারছেন না।
তিনি বলেন, আমি যথেষ্ট স্ট্রং ছিলাম, আল্লাহর ওপর আমার ভরসা আছে, কিন্তু এখন বিশ্রামের প্রয়োজন। আমি খুব ক্লান্ত, শান্তিতে ঘুমাতে চাই।
স্ট্যাটাসে তিনি স্বামী শিবলী সাদিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং তার জীবনে ঘটে যাওয়া অন্যায়ের বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি নিজের মেয়ের জন্য দোয়া করে পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সীমু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল এবং চিকিৎসকের পরামর্শে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে সোমবার রাতে অতিরিক্ত ওষুধ সেবনের ফলে এই ঘটনা ঘটে।
উল্লেখ্য, শিবলী সাদিক ২০১১ সালে কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমাকে বিয়ে করেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ২০১৯ সালে তিনি সীমুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
জুলাই অভ্যুত্থানের পর থেকে শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এরপর থেকেই সীমু হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।



