অবশেষে ময়মনসিংহ উত্তর জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ২৩ বছর পর প্রতীক্ষার অবসান ঘটায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শুক্রবার (১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে নূরুজ্জামান সোহেলকে সভাপতি ও এ কে এম সুজাউদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৩২০ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্ব কাঠামো গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করবে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৩ সালের পর নানা রাজনৈতিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ জটিলতার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। এ সময়ে আংশিক কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও তৃণমূলের স্থবিরতা কাটাতে এবার বড় পরিসরে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নবনির্বাচিত সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, ‘নবীন ও প্রবীণদের সমন্বয়ে একটি কার্যকর টিম গঠন করা হয়েছে। বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।’



