‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন সেবা কার্যক্রম শুরু করেছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন।
পূবালী ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক এটিএম রেদওয়ানুর রশীদ সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের রংপুর অঞ্চলের এডিসি ডিভিশনের প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবীর, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুর রউফ রউফুল, জেলা কৃষক দলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল এবং প্রিয় ফুডের স্বত্বাধিকারী আকতার হোসেন স্বপন।
ব্যাংকটির স্থানীয় শাখা ব্যবস্থাপক সূত্র জানায়, পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে একটি বুথ খোলা হয়েছে। এখানে তিনদিন ডিজিটাল ব্যাংকিংয়ের সকল সেবা দেয়া হবে পাশাপাশি ফ্রি হিসাব খোলা, ফ্রি ডেবিট কার্ড প্রদান করা হবে। গ্রাহকদের নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন জানান, স্বচ্ছতা ও জবাবদিহীতা সৃষ্টি এবং দুর্নীতি রোধে ডিজিটাল ব্যাংকের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, নীলফামারীতে পূবালী ব্যাংক যে যাত্রা শুরু করলো এর সুফল এই এলাকার মানুষ পাবে এবং ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ হতে সকলকে সহযোগীতা করবে।


