কালকিনির ১৭ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

মাদারীপুরের কালকিনির ১৭ মামলার আসামি ফয়সাল তালুকদারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কালকিনি থানার পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
কালকিনির ১৭ মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার
কালকিনির ১৭ মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনির ১৭ মামলার আসামি ফয়সাল তালুকদারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কালকিনি থানার পুলিশ।

বুধবার (৬ মে) ঢাকার কাফরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফয়সাল তালুকদার গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

এছাড়া, একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনাতেও তাকে স্থানীয়দের সন্দেহ হয়।

এদিকে, ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা তার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ সুপার মো: হাবিবুর রহমান জানান, ফয়সাল তালুকদারের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাগুলোর সাথে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলছে।