সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
গ্রেফতার বিএনপি নেতা সালাউদ্দিন
গ্রেফতার বিএনপি নেতা সালাউদ্দিন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালাউদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলার মিজমিজি পূর্বপাড়া এলাকার মরহুম আমির হোসেনের ছেলে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করে আসছেন সালাউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে আরো বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেন সালাউদ্দিন ও তার ভাই কামাল। তাদের এই চাঁদাবাজির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন আওয়ামী লীগের নেতা মোশাররফ ওরফে কারেন্ট মোশাররফ। তাদের দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এদিকে, গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানির কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে মারধর করেন এবং দোকান ভেঙে দেন সালাউদ্দিন ও তার ভাই কামাল। পরবর্তীতে ভুক্তভোগী আজিজুল হক চাঁদাবাজির অভিযোগ এনে সালাউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেফতার সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।