মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে শিরিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার চরশ্যামাইল মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিরিয়া ওই এলাকার আলমগীর হোসেন ঢালীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে পানির মোটরলাইনের সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শিরিয়া। এসময় মাটিতে লুটে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা: মহসিন রেজা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর শিরিয়াকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
শিবচর থানার ওসি (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিয়া বেগম নামের একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’



