নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা সহকারী সেক্রেটারি মো: আতিকুল ইসলাম রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।
সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মো: আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদ হাসানসহ ১১ দলের জেলা-উপজেলার নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার এক গৌরবময় অধ্যায়। ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই গণরায় বাস্তবায়নে বিভিন্ন রকম টালবাহানা শুরু করে।
বক্তারা আরো বলেন, একটি পক্ষ জুলাই গণভোটের রায় ও নির্বাচন-পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেবো, তবুও এ দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না।
বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলন শুরু করার হুমকি দেন।



