বান্দরবানের লামা উপজেলায় অপহৃত ছয় রাবার বাগান শ্রমিককে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার আইএসপিআর শ্রমিকদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বান্দরবান জেলার লামা উপজেলায় অপহৃত ছয় রাবার বাগান শ্রমিককে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
অপহৃতরা হলেন, নুরুল আফসার (১৯), মো: আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা ইসমাইলের রাবার বাগানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকালও (বৃহস্পতিবার) কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত অবস্থায় এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে বাগান মালিক ইসমাইলের কাছ থেকে তাদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে।



