সাভারে ধর্ম অবমাননার মামলায় আমেনা মুনসুর (৫০) ও জান্নাত আক্তার (১৬) নামে মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমেনা মুনসুর ওই এলাকার আমানউল্লাহ মীরের স্ত্রী ও জান্নাত আক্তার তাদের মেয়ে।
পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকেলে আমেনা মুনসুর তার বাড়ির ছাদ থেকে প্রতিবেশী আবির হাসানের সীমানার মধ্যে কোরআন শরিফ সাদৃশ্য একটি পুস্তক ফেলে দেয়। পরে রাতে প্রতিবেশী আবির হাসান তার বাড়ির মেঝেতে একটি কোরআন পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর আমেনা মুনসুর এলাকায় আবির হাসানের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালায়। এ ঘটনায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে সাভার মডেল থানায় জিডি করে। পরে এ নিয়ে তাদের মধ্যে বড় ধরনের বিবাদের আশঙ্কায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে কোনো মীমাংসা না হলে আবির হাসান সাভার মডেল থানায় ধর্ম অবমাননার মামলা করেন। মামলার পর পুলিশ মা-মেয়েকে গ্রেফতার করে।
মামলার বাদী আবির হাসান জানান, বিবাদী আমেনা মুনসুর বিভিন্ন সময় এলাকার লোকজনের বিরুদ্ধে হয়রানিমূলক একাধিক মামলা করেন। তার বাড়ির ছাদ থেকে পবিত্র কোরআন ফেলে দেয়ার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে।
সাভার মডেল থানার বনগাঁও ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন জানান, পড়াশুনার জন্য বিভিন্ন সময় মেয়েকে চাপ প্রয়োগ ও প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব থেকে এ কাজ করার কথা মেয়ে জান্নাত আক্তার স্বীকার করেছেন। অপরদিকে মা আমেনা মুনসুর তার মেয়ে এ ধরনের কাজ করেনি বলে দাবি করেন। তাছাড়া, মামলার বাদী-বিবাদীর মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল এবং মামলাও ছিল।



