চুয়াডাঙ্গার দামুড়হুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ মো: বাপ্পি (২৭) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটক বাপ্পি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মরহুম আবু সিদ্দিকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় বাপ্পিকে থামার জন্য নির্দেশ দেয়া হয়। তিনি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।
পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি বিজিবির কাছে স্বীকার করেন, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, উদ্ধার স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেল দামুরহুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।



