পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ স্বর্না মিস্ত্রি (২৩) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরাজুরী ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটক স্বর্না মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী সন্তোষ পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মো: মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রোঙ্গাকাঠি গ্রামে অভিযান চালায়। এসময় সন্তোষ মিস্ত্রির বসতঘর তল্লাশি করে শয়ন কক্ষের চৌকির নিচে একটি বাজারের ব্যাগে লুকানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য জব্দের পাশাপাশি ঘর থেকে স্বর্না মিস্ত্রিকে আটক করে পুলিশ।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, ‘আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। আজ পিরোজপুর আদালতে পাঠান হবে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’



