বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও টিম সদস্য (ঢাকা অঞ্চল দক্ষিণ) অ্যাডভোকেট মসিহুল আলম বলেছেন, ‘দেশ ও জাতির কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই।’
শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মসিহুল আলম সব কর্মীদেরকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।
এতে ধামরাই উপজেলা শাখার আমির মো: আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো: মহিউদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও টিম সদস্য (ঢাকা উত্তর অঞ্চল) মাওলানা মোহাম্মদ দেলওয়ার হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও ঢাকা জেলা আমির মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা নায়েবে আমির মাওলানা মো: আব্দুর রউফ, ঢাকা জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, ধামরাই পৌরসভা আমির মাওলানা মো: শামছল আলম প্রমুখ।
কর্মী সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



