আশুলিয়ায় ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

গ্রেফতার ব্যক্তিরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Location :

Savar
আশুলিয়ায় গ্রেফতার ছয় ডাকাত
আশুলিয়ায় গ্রেফতার ছয় ডাকাত |নয়া দিগন্ত

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

সাভারের আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেফতার আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারীপাড়া এলাকার মরহুম শুকচান শেখ ওরফে শুকচান মোল্লার ছেলে মো: শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), একই থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মো: জুয়েল রানা (৪২) ও মরহুম লেদু শেখের ছেলে মিজান শেখ (৫০), কুড়িগ্রামের উলিপুর থানার পারুলের লাড় এলাকার মরহুম সেকান্দার বেপারীর ছেলে মো: আব্দুর রহিম (৪০), নাটোরের বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মরহুম মাছেম উদ্দিন প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম (৪১) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার তেলিজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল মমিন (৪০)।

গ্রেফতার আসামিরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গরু, চিনি, চাল, তেল, রডসহ বিভিন্ন পণ্যবাহী পরিবহনে ডাকাতি করেন। সোমবার রাতে ওই মহাসড়কের শ্রীপুর এলাকায় একদল ডাকাত পরিবহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, গ্রেফতার ব্যক্তিরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।