মাওলানা হাবিবুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন করে দেশকে সঙ্কট থেকে রক্ষা করুন

‘দেশবাসী গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে ক্ষমতাসীন বিএনপি সরকার তা গায়ের জোরে পাল্টে দিতে চায়। এটা জনগণের সাথে সুস্পষ্ট প্রতারণা। দেশবাসীর রায়ের প্রতি এমন অবজ্ঞা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মাওলানা হাবিবুর রহমান
সিলেট জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মাওলানা হাবিবুর রহমান |নয়া দিগন্ত

১১ দলীয় ঐক্যের সিলেট জেলার অন্যতম শীর্ষ নেতা, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘দেশবাসী গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে ক্ষমতাসীন বিএনপি সরকার তা গায়ের জোরে পাল্টে দিতে চায়। এটা জনগণের সাথে সুস্পষ্ট প্রতারণা। দেশবাসীর রায়ের প্রতি এমন অবজ্ঞা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না।’

তিনি আরো বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের প্রতি সরকারের অনীহা ভবিষ্যতে দেশে গভীর সঙ্কট সৃষ্টি করবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন করে দেশকে সঙ্কট থেকে রক্ষা করুন।’

রোববার (১২ এপ্রিল) বিকালে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় প্রতিষ্ঠার দাবিতে সিলেট জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

সিলেট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতা, নেজামে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুজাম্মিল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান খালেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক জুনায়েদ আহমদ, জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মুতাসিম বিল্লাহ জালালী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন নিয়াজী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুম মঞ্জু, পশ্চিম জেলা সভাপতি আবু যোবায়ের, জাতীয় ছাত্রশক্তির জেলা মুখ্য সংগঠক তাকি আহমদ, জামায়াতের জেলা মজলিসে শূরা সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, কানাইঘাট উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আমির মাস্টার আবুল হোসাইন, জৈন্তাপুর উপজেলা আমির মাওলানা গোলাম কিবরিয়া, গোলপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত আমির রেহান উদ্দিন রায়হান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জাতীয় যুবশক্তির জেলা যুগ্ম আহ্বায়ক সাবের সালেহ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। অথচ এরকম জনআকাঙ্খার প্রতিফলিত একটি বিষয়কে সরকার অস্বীকার করতে চায় কোন স্বার্থে তা বোধগম্য নয়।

তারা বলেন, জনতার ম্যাণ্ডেটকে অবজ্ঞা করবেন না। জনগণের বিপক্ষে অবস্থান নিলে যে পরিণতি হয় তা এদেশের মানুষ কিছুদিন পূর্বেও দেখেছে। নতুন করে দেশকে আবারো সে পথে যেতে বাধ্য করবেন না।