শিশুদের খাইয়ে টিকা কেন্দ্রে আনার পরামর্শ রংপুর বিভাগীয় কমিশনারের

সোমবার সকালে রংপুর মহানগরীর রবার্টসন্সগঞ্জ মাঠে হাম রোবেলার টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার
টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার |নয়া দিগন্ত

শিশুদের কিছু খাইয়ে হামের টিকা কেন্দ্রে আনার পরামর্শ দিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট টিকা প্রয়োগকারী চিকিৎসক ও কর্মীদের।

সোমবার (২০ এপ্রিল) সকালে রংপুর মহানগরীর রবার্টসন্সগঞ্জ মাঠে হাম রোবেলার টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গওসুল আজিম চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম প্রমুখ।

সব শিশুকে কিছু খাইয়ে টিকাদান কেন্দ্রে আসার পরামর্শ বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ‘আমাদেরকে এই টিকাটা যথাযথভাবে নিতে হবে। আমাদের বাচ্চাদেরকে নেয়ার ব্যবস্থা করতে হবে। আপনারা যারা এসেছেন দয়া করে আপনারা বাড়িতে গিয়ে আপনাদের আশেপাশে যারা আছে তাদের বাচ্চাদেরকে, অভিভাবকদের বলবেন টিকাটা নিতে এবং কেউ যেন না খেয়ে এখানে না আসে। কিছু যেন খেয়ে আসে। খালি পেটে যেন টিকাটা না নেয়। এটা ডাক্তাররাও ইনশিওর করবেন যাতে কেউ খালি পেটে টিকা না নেয়।’

বিভাগীয় কমিশনার আরো বলেন, ‘হাম-রুবেলার প্রাদুর্ভাবের কারণে গণতান্ত্রিক সরকার খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে টিকাদান কর্মসূচি শুরু করেছে। এই টিকা আমরা সকল শিশুর কাছে পৌঁছে দিতে চাই। সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর জানিয়েছে, বিভাগের আট জেলায় ১৭ লাখ ৬৬ হাজার ৫০ জন শিশুকে হাম-রুবেলার টিকা খাওয়ার টার্গেট নেয়া হয়েছে। এজন্য এক হাজার ৮৫৬ জন ভেকসিনেটর নিয়োগ দেয়া হয়েছে। বিভাগে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডে ১৩ হাজার ৫৭১ কেন্দ্র থেকে এই টিকা দেয়া হচ্ছে।

এদিকে রংপুর বিভাগে হামের উপস্বর্গ নিয়ে রোগি ভর্তির সংখ্যা বাড়ছে এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গওসুল আজিম চৌধুরী জানান, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের জেলা ও উপজেলা হাসপাতালগুলোর বহির্বিভাগ ও ওয়ার্ডে ভর্তি হয়েছে ২৩ জন। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিল ২০ জন। এনিয়ে এই বিভাগে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৬৭০ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৬১৮ জন। ভর্তি আছে ৫২ জন। অন্যদিকে পহেলা জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ১১৬ জনের পরীক্ষা নিরীক্ষা করে এখন পর্যন্ত হাম সনাক্ত হয়েছে ১৩ জনের। যার মধ্যে নীলফামারীতে পাঁচ জন, দিনাজপুরে তিনজন, ঠাকুরগাও ও রংপুরে দুইজন করে এবং কুড়িগ্রামে একজন করে। এই বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় রোগি ভর্তি হয় ছয়জন। আইসোলেশন ওয়ার্ডে এখন ভর্তি আছেন ২০ জন।

চিকিৎসকরা জানিয়েছেন, এই বিভাগে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। নেয়া হয়েছে নানা উদ্যোগ।