সারাদেশে সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার পাশাপাশি সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
সারাদেশে সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন
সারাদেশে সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন |নয়া দিগন্ত

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার পাশাপাশি সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনটির দফতর সম্পাদক কাজী মেহরাব তূর্য।

কর্মসূচিতে সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, অতীতে সহিংস ছাত্ররাজনীতি ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছিল। জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে আবারো পেশিশক্তির প্রভাব ও সংঘর্ষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। একই সাথে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা শঙ্কিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।

জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, বিভিন্ন ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতির বিস্তার আমরা অতীতে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা ঐক্য ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কিন্তু আবারো পেশিশক্তির উত্থান এবং সংঘর্ষের প্রবণতা দেখা যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা কখনোই সহিংসতা চায় না; তারা চায় শান্তিপূর্ণ ও সহাবস্থানমূলক পরিবেশ। তাই আমরা সকল পক্ষকে সহিংসতা পরিহার করে ঐক্যের পথে ফিরে আসার আহ্বান জানাই।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যখন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করছে, তখন সারাদেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যা উদ্বেগজনক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন। কার্যকর পদক্ষেপ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, তাই দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে সংগঠনটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, জাকসুর কার্যকরী সদস্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।