চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতি চরফ্যাশনের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জামায়াতপন্থী আইনজীবী মুহাম্মদ রমিজ উদ্দিন ২৪ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে সহ-সভাপতি ও বিএনপিপন্থী আইনজীবী এডভোকেট মো: লিটন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ দিকে সহ-সাধারণ সম্পাদক পদে আশ্রাফ আলী নিরব ও ধর্ম ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া লিয়াকত আলী ৩৭ ভোট ও মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শেষে সকলের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস।



