নাটোরের নলডাঙ্গায় উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের আটটি ছাগল। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নশরৎপুর গ্রামে আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে মো: সাহাবুরের ছাগল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বসতবাড়িতে। আগুনে ঘরে থাকা ১০টি ছাগলের ৮টি ছাগল পুড়ে মারা যায় এবং ২টি ছাগল দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও পশ্চিম ও উত্তর পাশের দু’টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পাশের বাড়ির আবু তাহেরের নগদ ২০ হাজার টাকা ও আসবাবপত্র পুড়ে যায় এবং আবুল কালাম আজাদের ঘরে রাখা ভুট্টা পুড়ে যায়। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মাসুদ তালুকদার। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।



