বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সরকার আন্তরিক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
শনিবার (০৯ মে) দুপুরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর নির্মাণ কাজ ও আবাসিক ভবন সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এই মন্তব্য করেন।
এমপি জহিরুল ইসলাম বলেন, ‘সরকার মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিক ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। সরকারের একজন দায়িত্বশীল হিসেবে আমিও বাঁশখালীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে জনগণ প্রদত্ত দায়িত্ব পালন করবো। ইতোমধ্যে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও নতুন অ্যাম্বুল্যান্সের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে ডিউলেটার দিয়েছি। আশা করি দ্রুত সময়ে আমরা সুখবর পাবো।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহের প্রমুখ।



