চট্টগ্রামের মিরসরাইয়ে দিঘী (পুকুর) থেকে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে এক থ্রেশার মেশিনচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় দেওয়ানপুর এলাকার মরহুম নুরুল আবছারের ছেলে।
স্থানীয় বাসিন্দা রণি নাথ বলেন, বুধবার দুপুরে দিঘী থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর বসাতে যান জাহেদ হোসেন হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি দিঘীতে পড়ে যান। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, হৃদয় ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিনের চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আফিয়া। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই হৃদয়ের মৃত্যু হয়েছে। লাশ স্বজনরা নিয়ে গেছে।



