বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহনগরীর নায়েবে আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, ‘গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে।’
তিনি বলেন, ‘জনগণের সাথে প্রতারণা করে কখনো কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেনি। আপনারা যদি জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখান, জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।’
শনিবার (১১ এপ্রিল) বিকেলে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ও জ্বালানি সঙ্কট উত্তরণে কার্যকরী ভূমিকা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ওই বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। নগরীর আলুপট্রি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



